রাতে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৯:৩৯ পিএম | ০৭ অক্টোবর, ২০২৬
সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন যা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত করছে। এ কারণে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত।
বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচার কার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র বহনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন যা সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত করছে।
এ অবস্থায়, সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এফআর/এসএন