© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাত মাস পর ইরানগামী ফ্লাইট চালু করল ইরাকি এয়ারওয়েজ

শেয়ার করুন:
সাত মাস পর ইরানগামী ফ্লাইট চালু করল ইরাকি এয়ারওয়েজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
প্রায় সাত মাস বন্ধ থাকার পর ইরাকের নাজাফ থেকে ইরানের তেহরানে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে ইরাকি এয়ারওয়েজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি উড়োজাহাজ তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম দিকে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ইরাকি এয়ারওয়েজের উড়োজাহাজটি তেহরানে সফলভাবে অবতরণ করে। এটি একটি ফিরতি ফ্লাইট।

ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, এখন থেকে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের পাশাপাশি মাশহাদ ও ইসফাহানেও প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও পরিবহনমন্ত্রী ওয়াহাব আল-হাসানির উদ্যোগে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি শর্ত পূরণের পর বিমান চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইরানগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ইরাকি এয়ারওয়েজকে নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দেয় যুক্তরাষ্ট্র।

যুদ্ধ চলাকালে ইরানের বিমান পরিবহন খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত মাসে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় অভিযোগ জানায় তেহরান।

ইরাক সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। তবে এই সমঝোতার বাইরে রয়েছে ইরানের মাহান এয়ার।

যুদ্ধ শুরুর পর এটিই ইরানে কোনো বিদেশি বিমান সংস্থার প্রথম বাণিজ্যিক ফ্লাইট। দুই দেশের মধ্যে ধর্মীয় তীর্থযাত্রীদের পাশাপাশি শিক্ষার্থী ও চিকিৎসাপ্রত্যাশীরাও নিয়মিত যাতায়াত করেন।
সূত্র: দ্য নিউ আরব

এমআই/এসএন

মন্তব্য করুন