© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার সদস্য মোতায়েন

শেয়ার করুন:
দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার সদস্য মোতায়েন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশে দুই লাখের বেশি প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্যের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করে এ তথ্য জানান আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। নিরাপত্তা প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আনসার-ভিডিপির মহাপরিচালক বলেন, এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বে থাকা সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হচ্ছে।

যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মহাপরিচালক আরও বলেন, পূজা উদ্‌যাপনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৬০ লাখের বেশি সদস্যের সাংগঠনিক কাঠামোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নির্ধারিত জনবল মোতায়েনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্য-সদস্যরা। এ কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল নজরদারি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং কঠোর শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

এমআর/এসএন 

মন্তব্য করুন