ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
ইরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার সময় হামলার শিকার হয়েছে তেলবাহী ট্যাংকার। হামলা পর পর ওই ট্যাংকারে আগুন ধরে যায় বলে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রয়াত্ত্বা টিভিতে প্রকাশিত বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “কয়েক ঘন্টা আগে, সেনাবাহিনীর নৌ ইউনিটের টহল দল একটি অবাধ্য ট্যাংকারকে শনাক্ত করে যেটিতে আগুন ধরে যায়। এই ট্যাংকার তার শনাক্তকরণ ব্যবস্থা (ট্রেকিং সিস্টেম) বন্ধ করে দেয় এবং নিষিদ্ধ অঞ্চল দিয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে।”
ইরানি বাহিনী স্পষ্ট করেনি তারাই হামলাটি চালিয়েছে কি না। এছাড়া কিসের কারণে আগুন ধরেছে সেটিও জানায়নি তারা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম হরমুজে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ ও সেটি কার্যকরে দায়িত্ব পালন করছে। ওমান উপসাগরে ট্যাংকারে আগুন ধরার ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
গত সেপ্টেম্বরে ইরানের বিপ্লবী গার্ড ওমান উপসাগর ও আরব সাগরে নিষিদ্ধ অঞ্চল চিহ্নিত করে একটি সীমারেখা টেনে দেয়। তারা জানায়, তাদের নির্ধারিত অঞ্চল ছাড়া কোনো জাহাজ চললে এবং ট্রেকিং বা শনাক্তকরণ ব্যবস্থা সচল না রাখলে সেই জাহাজ নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। তবে তারা সরাসরি হামলার হুমকি দেয়নি। কিন্তু গত কয়েকদিনে হরমুজে একাধিক জাহাজ বড় হামলার শিকার হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় দুটি জাহাজ পানিতে ডুবে গেছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি আর স্বাভাবিক হয়নি।
সূত্র: আল-আরাবিয়া
এমআর/এসএন