কাতারের আমিরকে ‘ইয়ং হ্যান্ডসাম গাই’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:০৮ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের আমিরের কাছে তিনি প্রথমে দেশটির একটি ৭৪৭ উড়োজাহাজ কিছু সময়ের জন্য এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য ধার চেয়েছিলেন। পরে কাতারের আমির উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রকে উপহার দেয়ার প্রস্তাব দেন।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমি কাতারের নেতাকে ফোন করেছিলাম। তিনি অত্যন্ত সম্মানিত একজন মানুষ, অসাধারণ মানুষ, তরুণ সুদর্শন যুবক (ইয়ং হ্যান্ডসাম গাই)।’
তিনি বলেন, ‘আমি বলেছিলাম, তামিম, সম্ভব হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং বিমানবাহিনীর জন্য আমি কিছু সময়ের জন্য আপনার ৭৪৭ উড়োজাহাজটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ধার নিতে বা ব্যবহার করতে চাই। তত দিন পর্যন্ত, যত দিন না আমাদের নিজেদের উড়োজাহাজ প্রস্তুত হচ্ছে।’
শেখ তামিম বিন হামাদ আল থানিকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি বললেন, “না, না, না, না, না, না। আপনি আমার বন্ধু। আমি আপনাকে এটি ধার নিতে বা ব্যবহার করতে দেব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আপনাকে এটি দিয়ে দিতে চাই। আপনা এটি নিতে পারেন।”’
এ কথা বলার সময় সমাবেশে উপস্থিত লোকজন উল্লাস ও করতালি দেন।
কাতারের উড়োজাহাজটিকে বিমানবাহিনী ভিসি-২৫বি (VC-25B) হিসেবে চিহ্নিত করেছে। ২০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত বোয়িং ৭৪৭-২০০ উড়োজাহাজগুলোর পরিবর্তে নতুন দুটি বোয়িং উড়োজাহাজ আসার আগ পর্যন্ত এটি অন্তর্বর্তীকালীন উড়োজাহাজ হিসেবে ব্যবহার করা হবে। নতুন উড়োজাহাজ দুটি ২০২৮ সালে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
গ্রীষ্মকালে ট্রাম্প নতুন উড়োজাহাজটি জনসমক্ষে উপস্থাপন করেন।
তবে এ বছরের শুরুর দিকে নিরাপত্তাঝুঁকির কারণে ট্রাম্পকে গোপনে কাতারের উড়োজাহাজ থেকে সরিয়ে নেয়া হলে এটি বিতর্কের কেন্দ্রে চলে আসে। ইরানের হুমকির সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে ওই পদক্ষেপ নেয়া হয়েছিল।
সূত্র: দ্য হিল
এমআই/এসএন