রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
০২:০১ পিএম | ১৯ অক্টোবর, ২০২৬
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তার দাবি, মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক কাণ্ডের মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে।’
আখতার হোসেন বলেন, ‘সামগ্রিকভাবে দেশে মাদক নির্মূলে যেসব সংস্থা কাজ করছে, সেগুলোও অকার্যকর অবস্থায় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অকার্যকর অবস্থায় আছে। বাংলাদেশের সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। সীমান্ত দিয়ে যেসব মাদক দেশে প্রবেশ করছে, সেগুলো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
তিনি আরও বলেন, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে- সরকারের এমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ইশরাকের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেই প্রশ্ন তুলে এনসিপির সদস্য সচিব বলেন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে। ইশরাকের পদত্যাগ কি শুধু অস্ত্র সামনে নিয়ে আসার বিষয়, নাকি এর সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো বিষয় রয়েছে? সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্তগুলো সুরক্ষিত করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আইওয়াশ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ জন্য সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তা উদ্ঘাটন করে সেই জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারের কাছে তাদের এটাই দাবি।
এফআর/এসএন