© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭০ বছরের বৃদ্ধের চরিত্রে ডোয়াইন জনসন

শেয়ার করুন:
৭০ বছরের বৃদ্ধের চরিত্রে ডোয়াইন জনসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ২৩ অক্টোবর, ২০২৬
হলিউড তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসনকে ব্রুকলিনে পরিচালক বেনি সাফদির নতুন সিনেমা ‘লিজার্ড মিউজিক’-এর শুটিংয়ে ভিন্ন এক রূপে দেখা গেছে। মেকআপ ও কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের (প্রস্থেটিক্স) সহায়তায় এবার এক ৭০ বছর বয়সী বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন তিনি।

অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত এই চলচ্চিত্রে জনসনকে ‘চিকেন ম্যান’ নামক এক অদ্ভুত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ব্রুকলিনে ছবির শুটিং চলাকালীন জনসনকে বাদামি রঙের বাকেট হ্যাট ও কোট পরিহিত অবস্থায় দেখা যায়। সেটে তার সঙ্গে তরুণ সহ-অভিনেতা থিও ক্লার্ক লেবারও উপস্থিত ছিলেন। জনসনকে এই প্রবীণ লুকে রূপান্তরের পেছনে কাজ করেছেন খ্যাতনামা মেকআপ শিল্পী কাজু হিরো।



ড্যানিয়েল পিঙ্কওয়াটারের জনপ্রিয় শিশুতোষ বই অবলম্বনে নির্মিত হচ্ছে ‘লিজার্ড মিউজিক’। চলচ্চিত্রের গল্পটি এক কিশোরকে ঘিরে, যে রাতে টিভিতে অদ্ভুত সব টিকটিকি সংগীতশিল্পীর সন্ধান পায় এবং এর সূত্র ধরে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়। এই সিনেমায় আরো অভিনয় করছেন র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, কোলম্যান ডোমিঙ্গো, জেফ গোল্ডব্লাম, অ্যালিসিয়া সিলভারস্টোন এবং রেজিনা হল।

চরিত্রটির সঠিক অবয়ব ফুটিয়ে তুলতে ডোয়াইন জনসন প্রায় ৩০ পাউন্ড পেশির ওজন কমিয়েছেন।

সিনেমাটি ২০২৭ সালের বড়দিনের দিনে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন