© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কী কারণে হিংসাত্মক ছবি এড়িয়ে চলেন রাধিকা আপ্তে?

শেয়ার করুন:
কী কারণে হিংসাত্মক ছবি এড়িয়ে চলেন রাধিকা আপ্তে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই রুপালি পর্দায় ভিন্নধর্মী চরিত্রের অনন্য উপস্থিতি। প্রায় দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে নানা বৈচিত্র্যময় ধারায় কাজ করলেও একটি বিষয়ে তিনি সবসময় নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন সহিংস বা হিংসাত্মক চলচ্চিত্র তার একেবারেই পছন্দ নয়। 

বর্তমান সময়ে যেখানে মাস অ্যাকশন ঘরানার সিনেমা বা সিরিজ দারুণ জনপ্রিয়তা পাচ্ছে, সেখানে এমন ধারার প্রজেক্ট থেকে সচেতনভাবেই দূরত্ব বজায় রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি নেটফ্লিক্সে তার আসন্ন সিরিজ ‘আক্কা’-র প্রচারের সময় পর্দায় অতিরিক্ত সহিংসতা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন রাধিকা। 

দুই গ্যাংস্টারের শত্রুতার প্রেক্ষাপটে নির্মিত এই গ্যাংস্টার ড্রামায় তিনি অভিনয় করলেও ব্যক্তিগতভাবে পর্দার হিংস্রতার ঘোর বিরোধী। এ প্রসঙ্গে রাধিকা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এমন সিনেমা একদমই দেখি না। আমি সত্যিই বুঝতে পারি না, কীভাবে কেউ পপকর্ন খেতে খেতে এমন দৃশ্য দেখতে পারে যেখানে একসঙ্গে ৫০ জন পুরুষ বা মহিলাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার মাথার খুলি একটু আগে সিঙ্কে থেঁতলে দেওয়া হলো, তাকেই আবার অন্য কোনো স্ল্যাবে আঘাত করা হচ্ছে! আমি এর মধ্যে কোনো অর্থ বা যৌক্তিকতা খুঁজে পাই না। তাই এসবের অংশ না হওয়াই আমার কাছে শ্রেয় মনে হয়।’

শুধু পর্দায় সহিংসতার বিরোধিতা করাই নয়, অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবন ও কর্মঘণ্টা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও পরিষ্কার করেছেন রাধিকা। অভিনেত্রীর কথায়, ‘আমি শুধু ১২ ঘণ্টার একটি স্বাভাবিক কর্মদিবস চাই। ১৬ ঘণ্টার শিডিউল বা মাঝপথে সামান্য ছুটির সংস্কৃতি আমার পছন্দ নয়, যদিও সেটি সবসময় হয়ে ওঠে না। মাঝে আমি কাজ না করার সিদ্ধান্তও নিয়েছিলাম, কারণ করার মতো উপযুক্ত কিছু ছিল না।’ 

‘আমি পরিবার ও নিজের পছন্দের মানুষদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চেয়েছি এবং এখনও চাই; কারণ জীবনটা অনেক ছোট। আমি বিশ্বাস করি, কাজই আমার সবকিছু বা আমার একমাত্র জীবন নয়। এটি কখনোই আমার জীবন ছিল না, বরং জীবনের একটা অংশ মাত্র।’

চলচ্চিত্রের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবকিছুই প্রতিনিয়ত পরিবর্তনশীল। কাল হয়তো আমি সব ধরনের অভিনয় করা চিরতরে বন্ধ করে দেব, অথবা হয়তো নতুন কিছু শুরু করব। কে জানে? তাই কাজ না করার পেছনে নির্দিষ্ট কোনো বড় কারণ নেই, এটি কেবল সময়ের দাবি।’

এসএ/টিএ

মন্তব্য করুন