হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’র নির্মাতা ও বর্ষীয়ান প্রযোজক-পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং আর নেই। বিপি সিং নামেই পরিচিত এই নির্মাতা মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘদিন ধরে দর্শকের মনে জায়গা করে নেওয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ‘সিআইডি’। ১৯৯৮ সালে শুরু হওয়া এই অপরাধভিত্তিক ধারাবাহিকে মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তাদের নানা রহস্যজনক ঘটনার কিনারা করতে দেখা যেত।
জটিল অপরাধের তদন্ত, নাটকীয় মোড় এবং চরিত্রগুলোর অভিনয়—সব মিলিয়ে ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
শুধু অপরাধভিত্তিক কাহিনি নয়, ভৌতিক ও রহস্যধর্মী ধারাবাহিক নির্মাণেও বিশেষ পরিচিতি পেয়েছিলেন বিপি সিং। তার নির্মিত ‘আহট’ একসময় টেলিভিশন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত এই ধারাবাহিক ভৌতিক গল্পের উপস্থাপনায় স্বতন্ত্র পরিচয় তৈরি করে।
দীর্ঘ কর্মজীবনে বিপি সিং এমন কিছু টেলিভিশন নির্মাণ করেছেন, যা কয়েক প্রজন্মের দর্শকের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘সিআইডি’ ও ‘আহট’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে অপরাধ, ভৌতিক ও রহস্যধর্মী গল্পকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
তার প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
এসএ/টিএ