ভারত ছাড়তে হচ্ছে না অভিনেতা ইমরান খানকে
ছবি: সংগৃহীত
০৭:২২ পিএম | ২৭ অক্টোবর, ২০২৬
বিদেশি নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে দেশ ছাড়ার নির্দেশ পেয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়তে বলা হয়েছিল। তবে আপাতত দেশ ছাড়তে হচ্ছে না এই অভিনেতাকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বম্বে হাইকোর্ট জানিয়েছেন, এদিন তাকে ভারত ছাড়তে হবে না।
মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর।মঙ্গলবার প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে ইমরানের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার আবেদন জানান। কারণ, বুধবারের মধ্যে অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং মামলাটি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার জন্য আদালতের কাছে সময় চান।
তিনি জানান, এ জন্য তাদের কিছুটা সময় প্রয়োজন। এরপর আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ফলে আপাতত ভারত ছাড়ার নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে স্বস্তি পেলেন অভিনেতা।এর আগে মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর থেকে পাঠানো এক নোটিশে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মার্কিন নাগরিক ইমরানের কাছে ভারতের ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।
গত ১৭ অক্টোবর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ইমরান। তার দাবি, ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিকসংক্রান্ত আইন কিংবা নাগরিকত্ব আইন-কোনোটিই তিনি লঙ্ঘন করেননি। কোন আইনের কোন ধারায় তিনি অপরাধ করেছেন, নোটিশে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও দাবি করেন অভিনেতা।গত ১০ অক্টোবর মুম্বাইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে।
এরপরই তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।এখন মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেতা ও তার আইনজীবীরা।
এসএ/টিএ