বিজেপি না তৃণমূল: কোন পথে সৌরভ গাঙ্গুলী
পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন আসন্ন। এবারের নির্বাচনে কার পাল্লা ভারি তা এখনই বলা মুশকিল। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি ও বাম-কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াইয়ের বাতাস বইছে পশ্চিম বাংলায়। ভোট বাড়াতে সবাই দলে ভেড়াচ্ছেন ক্রিকেটার, সিনেমা পাড়ার তারকাদের। অমুক নায়ক বিজেপিতে, তো অমুক নায়িকা তৃণমূলে। ভোটাররা শুধু চমকিত হচ্ছেন।
এরই মধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন নায়িকা সায়ন্তিকা, চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীসহ ডজনখানেক টালিউড তারকা। অপরদিকে বসে নেই বিজেপি প্লাটুন। তারাও দলে ভিড়িয়েছেন নায়িকা শ্রাবন্তী, নায়ক জশসহ অনেককে। তবে শেষ পেরেক হিসেবে বিজেপি দলে টেনে নিয়েছেন বাংলার হিরো মিঠুন চক্রবর্তীকে।
তবে এসব ছাপিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনা ভারতের ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলীকে নিয়ে। ভারতের ক্ষমতাসীন বিজেপি রটিয়েছেন সৌরভ গেরুয়া শিবিরে ভিড়ছেন।
এ নিয়ে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদেরও মাথা ঘেমে যাওয়ার উপক্রম। সৌরভ ইস্যূতে সতর্ক নজরদারি রেখেছেন তৃণমূল নেত্রী মমতাও। কারণ পশ্চিমবঙ্গের সাধারণ ভোটার শ্রেণিতে সৌরভ মানেই বিশাল কিছু। ভোটের হিসেবে সৌরভকে দলে ভেড়াতে পারা মানে বিজয় মিছিলের আওয়াজ কানে ভাসার মতো।
কিন্তু এসব জল্পনা আপাতত জল্পনায় থাক। কারণ শনিবার (৬ মার্চ) টেলিভিশনে দেয়া বক্তব্যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ভারতের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সাফ জানিয়ে দিয়েছেন, ‘সবকিছু সবার জন্য নয়।’ রাজনীতিতে সৌরভের আগ্রহের বিষয়ে টেলিভিশনে জিজ্ঞাসা করা হলে বিরক্তির সুরে তিনি এমন মন্তব্য করেন। সৌরভ বলেছেন, ‘ক্রিকেট নিয়ে কথা থাকলে বলতে পারেন। সব কিছু সবার জন্য নয়।’
সৌরভের এমন চাঁছাছোঁলা বক্তব্যের পোস্টমর্টেম এখনও আলোরমুখ দেখেনি। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মনে খানিক হলেও দুশ্চিন্তা কেটে গেছে। তারপরও একটা কথা মনে রাখা দরকার-‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই’।
টাইমস/এসএন