ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ফুটবল তারকা হামজা!
এফ এ কাপে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা ঘরে তুলেছে লেস্টার সিটি। তবে তাদের এই শিরোপা জয়কে ছাপিয়ে গেছে ভিন্ন এক ঘটনা। চ্যাম্পিয়ন দলের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সাড়া ফেলেন ফিলিস্তিনি পতাকা হাতে তুলে নিয়ে।
বিশ্ব ফুটবলের মুসলিম তারকারা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাচারের শিকার ফিলিস্তিনে পক্ষ নিয়েছেন। ইউরোপিয়ান লিগে খেলা পল পগবা, মোহাম্মদ সালাহ, রিয়াদ মাহরেজ থেকে আচরাফ হাকিমিরা নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংহতি প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এবার প্রতিবাদে হাজির হামজা। চেলসির বিপক্ষে জয়ের পরই হামজা চৌধুরীর সঙ্গে ফ্রেঞ্চ ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন। আর প্রতিবাদী এই ছবি সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী সব মিডিয়ায়।
শুধু তাই নয়, এই ঘটনার পর ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট দেশটির সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
চিঠিতে তিনি বলেন, এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাও। ফিলিস্তিনি সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের জানাই গভীর কৃতজ্ঞতা।
শিরোপা জয়ের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, ‘শিরোপা জেতায় আপনাদের অভিনন্দন জানাই। আশা করি একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে খেলবে। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।
চেলসির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে শিরোপা জিতে ইতিহাস রচনা করে লেস্টার সিটি।
টাইমস/এসজে