করোনায় ক্ষতিগ্রস্থ ২০০ ক্রীড়াবিদ পেলেন আর্থিক সহায়তা
করোনায় ক্ষতিগ্রস্থ ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৪ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে অসচ্ছল ২০০ ক্রীড়াবিদের প্রত্যেককে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।
চেক বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে পাঁচ হাজারেরও বেশি ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে। ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি। আর এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তিনি ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। ক্রীড়াবিদদের প্রতি ও ক্রীড়ার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর তুলনা তিনি নিজেই।
টাইমস/এসএন