অবশেষে বার্সেলোনায় যাচ্ছেন আগুয়েরো
চ্যাম্পিয়নস লিগ কিংবা লা লিগ, সব জায়গাতেই এবারের মৌসুমে ছন্নছাড়া পারফরমেন্স বার্সেলোনার। এ বছর কোপা দেল রে শিরোপা ছাড়া আর কোন ট্রফি ছুঁয়ে দেখতে পারেননি লিওনেল মেসি ও তার সতীর্থরা। তবে এবারের সিজন যেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দখলেই। এরই মধ্যে দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেই ম্যানসিটির কোচ পেপ গার্দিওয়ালা জানালেন চমকপ্রদ খবর। তিনি বলেছেন, ম্যানসিটির প্রাণভোমরা আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন। আগামী দুই মৌসুমের জন্য মেসির সতীর্থ হবেন আগুয়েরো।
গার্দিওয়ালার দেয়া খবরের আগের রাতে রোববার নিজ ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মাচেও চমক দেখিয়েছেন আগুয়েরো। জোড়া গোলের সুখস্মৃতি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
এদিন ম্যাচ শেষে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে পেপ গার্দিওয়ালা বলেন, আগুয়েরোর এক পা এখন বার্সেলোনায়। ন্যূ ক্যাম্পে যোগ দেয়ার জন্য তিনি মুখিয়ে আছেন। কারণ সেখানে তার বন্ধু (মেসি) রয়েছে। সম্ভবত আমি কোন গোপন খবর প্রকাশ করে দিলাম।
টাইমস/এসএন