ফিরতে পারেন সিডন্স, দুই কোচ নিয়োগ দেবে বিসিবি
ফাইল ছবি
জিম্বাবুয়ে সফরের আগেই নতুন স্পিন বোলিং এবং ব্যাটিং কোচ পাবে ‘টিম টাইগার’। এরই মধ্যে নতুন কোচের সন্ধানে সংক্ষিপ্ত তালিকাও প্রণয়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিনিয়র ক্রিকেটার এবং প্রধান কোচের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে দলের ব্যাটিং ও স্পিন বোলিং কোচ।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খাঁন গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ স্পিন বোলিং কোচ হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে টাইগার শিবিরে আবারও ফিরতে পারেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ জিমি সিডন্স।
এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ নিয়ে দীর্ঘদিন ধরেই অন্তরালে একটা ঝামেলা চলছিল। সুনীল যোশি ও নেইল ম্যাকেঞ্জি চলে যাওয়ায় ঝামেলাটা দিনদিন বাড়ছিল। দলের গুরুত্বপূর্ণ এ দুটি পদ নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ ছিল না।
জানা গেছে, ড্যানিয়েল ভেট্টোরি এক সময় টাইগারদের স্পিন দীক্ষা দিলেও বিসিবি ও দলের খেলোয়াড়দের মন জয় করতে পারেননি তিনি। সাবেক এই কিউই স্পিনারের কোচিং ক্যারিয়ার বাংলাদেশে দীর্ঘ হয়নি মোটা দাগে বেতন দাবির কারণে।
এছাড়া দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি চলে যাওয়ার পর টাইগার শিবিরে যোগ দিতে চেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রতিভাবান ব্যাটসম্যান ম্যাকমিলান। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে তিনি আর এ দেশে পা রাখার সাহস দেখাননি।
এদিকে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মাত্র শেষ হয়েছে। স্পিন ও ব্যাটিং কোচের ব্যাপারে আমরা কিছু শর্ট লিস্ট করেছি। এখন কাজ করব তাদের সঙ্গে। আগে আমাদের সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে বসব। তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে। আশা করি, জিম্বাবুয়ে যাওয়ার আগেই নতুন দুই কোচ দলে যোগ দিবেন।
টাইমস/এসএন