প্লে অফ ছাড়াই এশিয়া কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দল সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে পারবে। প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না জেমি ডে’র শিষ্যদের। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে। উত্তর কোরিয়া তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে। ১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে।
এছাড়া পয়েন্ট টেবিলের ১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। বাংলাদেশের অবস্থান ৩৫ তম। আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়া এক পয়েন্টই বাংলাদেশকে এই সুযোগ দিয়েছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, ‘এটি বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ খবর। আফগানিস্তানের বিরুদ্ধে পয়েন্টটি ভাগাভাগির ফল তারা পেয়েছে। ওই পয়েন্টের জন্য আমরা এই বাছাই পর্বে সরাসরি আসতে পারলাম। না হলে প্লে অফ জটিলতায় পড়তে হতো।’
টাইমস/এসএন