হারারে সিরিজ জয় বাংলাদেশের
০৯:৩৫ পিএম | ১৮ জুলাই, ২০২১
সিরিজ জয় করল বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে।সাকিব আল হাসানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর রানখরায় ভুগতে থাকা সাকিব অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। আর এতেই ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। অসাধারণ ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ।
হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ।
২৪১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন তামিম ইকবাল ও লিটন দাস। ২১ রান করা তামিম জঙ্গোয়ের বলে স্লিপে সিকান্দার রাজার দারুণ ক্যাচে পরিণত হন। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন ২১ রান করে এনগারাভার শর্ট বল খেলতে গিয়ে টেলরের হাতে ক্যাচ দেন।
চার ও পাঁচ নম্বরে নামা মোহাম্মদ মিঠুন (২) ও মোসাদ্দেক হোসেন (৫) দ্রুত ফিরে যান অল্প রানের ব্যবধানে। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। দুজনে মিলে তোলেন ৫৫ রান। মাহমুদউল্লাহ ২৬ রান করে বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ৪৯তম ফিফটিতে বাংলাদেশের জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখেন তিনি। তবে সাকিবকে সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। মিরাজ ৬ ও আফিফ ১৫ রানে আউট হলে ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের আশা ফিকে হয়ে আসে।
তবে সাকিব–সাইফউদ্দিন সপ্তম উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন। দারুণ ব্যাটিংয়ে ধীরে ধীরে বাংলাদেশকে জয়ের পথে ফিরিয়ে আনেন তাঁরা। কোনো রকম ঝুঁকি না নিয়েই রানের চাকা সচল রাখেন এ দুজন। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। চার রানের জন্য সেঞ্চুরি মিস করা সাকিব ৯৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মূল্যবান ২৮ রান করে অপরাজিত থেকে দলের জয়ে ভূমিকা রাখেন সাইফউদ্দিন। ৬৯ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন সাকিব–সাইফউদ্দিন।