টোকিও অলিম্পিক থেকে বিদায় সানার
১২:২৬ পিএম | ২৭ জুলাই, ২০২১
এলিমিনেশন পর্বের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে আর পারলেন না রোমান সানা। প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে শীর্ষ ৩২-এ উঠে গিয়েছিলেন দেশসেরা এই আর্চার। সেই রাউন্ডে সহজ জয় পেলেও এই রাউন্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন তিনি।
তবে দ্বিতীয় রাউন্ডে প্রথম সেট সহজে জিতে ভালো সূচনার ইঙ্গিত দেন সানা। কিন্তু ধারাবাহিকতা রাখতে না পেরে শেষ অব্দি ৪-৬ সেট পয়েন্টে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে গেছেন ।

শেষ আটে ওঠার লড়াইয়ের শুরুর দিকটা দারুণ হয়েছিল সানার। প্রথম সেটে ৯, ৯, ৮ স্কোর করে ২৬-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট নিজের করে নেন তিনি। এরপর দ্বিতীয় ও তৃতীয় সেটে হারেন সানা।
পর পর দুই সেটে হেরে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে চতুর্থ সেট ২৭-২৬ ব্যবধানে জিতে আশা জাগান তিনি । শেষ সেটে সমান পয়েন্ট চার নিয়েই সানার শুরু। শুরুটাও ভালো করেছিলেন তিনি।
ডুয়েনাস যেখানে ৭ করেছেন, রোমান করেছিলেন ৯। সেখান থেকেই সেটটি রোমান হেরে গেলেন ২৬-২৫ ব্যবধানে। শেষের দুই শটে ডুয়েনাস দুটো শট থেকে আদায় করেন ১৯। সানা করেন ৮ পয়েন্ট।
সমর্থকদের প্রত্যাশার পাল্লা ভারী ছিলো সানাকে নিয়ে। সরাসরি টোকিও অলিম্পিকে জায়গা পেয়ে পাল্লার ওজন যে ভারী করেছিলেন তিনি। দেশের ছয়জন অ্যাথলেটদের মধ্যে একা সানাই
২০১৯ সালে নেদারল্যান্ডসে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে সরাসরি গিয়েছেন 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ' অলিম্পিকে। তাই হতাশার পালেও জোর হাওয়া লাগাটা স্বাভাবিক।
তবে মন্দেরও ভালো আছে, দুঃখের মাঝেও সুখ আছে। তেমনি সানার এই হারের মাঝেও গর্বও ঠাঁই পেয়েছে। রোমানরা ফিরবেন আরও শক্তিশালী হয়ে। রোমানরা ওড়াবেন লাল-সবুজের নিশান বিশ্বলয়ে।

এর আগে আর্চারিতে এই আসরে রিকার্ভের মিশ্র ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে দক্ষিণ কোরিয়ার কিম জে দিওক ও আন সান জুটির কাছে হেরে অলিম্পিকের এই ইভেন্ট থেকে ছিটকে পড়েন রোমান-দিয়া জুটি।
নেপালে গত এসএ গেমসে হ্যাটট্রিক সোনা জয় করেন এই আর্চার। এরপর গত মে মাসে সুইজারল্যান্ডের লুজানে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ২-এ দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপাও জেতেন তিনি।