© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড রোনালদোর

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২১
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১০ এবং ১১১তম গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নুতন রেকর্ড করেছেন পর্তুগালের অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর করা গোলের প্রায় অর্ধেকই এসেছে ম্যাচের শেষ ৩০ মিনিটে। আয়ারল্যান্ডের বিপক্ষেও তিনি শেষ দুই মিনিটেই ম্যাচের ফল বদলে দিয়েছেন।

বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে
রোনালদোর গোলে সমতায় ফিরে পর্তুগাল। এ গোল দিয়েই দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন পর্তুগিজ অধিনায়ক।

এরপর অতিরিক্ত সময়ে ফের একটি হেডার থেকে জোড়া গোল পূর্ণ করেন ক্রিশ্চিয়ানো, শেষ পর্যন্ত এই পর্তুগিজ গোল মেশিনের জোড়া গোলে তার দল পর্তুগালও দারুণ এক জয় পায়।

আয়ারল্যান্ডকে নিয়ে পর্তুগালের জার্সিতে ৪৫টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন রোনালদো। 

১১১ গোল করতে পর্তুগালের জার্সিতে রোনালদোকে খেলতে হয়েছে ১৮০ টি ম্যাচ

বয়স ৩০ হওয়ার আগে পর্তুগালের জার্সিতে ১১৮ ম্যাচে ৫২টি আর ৩০ পেরোনোর পর ৬২ ম্যাচে ৫৯টি গোল করেন ক্রিশ্চিয়ানো। 

১১১ গোলের মধ্যে ১৪ গোল তার পেনাল্টি থেকে

পর্তুগালের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৯ টি, যা ইউরোপে আর কোনো খেলোয়াড়ের জাতীয় দলে এত হ্যাটট্রিক নেই।

রোনালদোর ১১১ গোলের ৫৯টি করেছেন ডান পায়ে, ২৫টি বাঁ পায়ে আর ২৭টি এসেছে হেডে।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি ছিল ইরানের আলি দাই'র দখলে। ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০৯টি গোল করেছিলেন আলি দাই।

ইউরো ২০২০ এর ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আলি দাই'র রেকর্ড ছুঁয়েছিলেন রোনালদো।

তবে তার রেকর্ডের থেকে দলের জয়েই বেশি খুশি বলে জানান রোনালদো, "আমি ভীষণ খুশি। শুধু রেকর্ড ভেঙ্গেছি বলে নয়, পুরো দল একসাথে যেই বিশেষ মুহুর্তটি পেয়েছি তার জন্য।"

অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ১৫১ আন্তর্জাতিক ম্যাচ খেলে গোলসংখ্যা ৭৬ আর এ পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১১১ আন্তর্জাতিক ম্যাচ খেলে নেইমারের গোলসংখ্যা ৬৮। অর্থাৎ দেশের হয়ে খেলায় মেসি-নেইমার থেকে অনেক এগিয়ে আছেন রোনালদো। 


মন্তব্য করুন