© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইংল্যান্ডও না বলল পাকিস্তানকে

শেয়ার করুন:
ইংল্যান্ডও না বলল পাকিস্তানকে
মোজো ডেস্ক
১০:২৯ এএম | ২১ সেপ্টেম্বর, ২০২১

১৮ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেই সিরিজ না খেলে দেশে ফিরে গেছে কিউইরা। আর এ কারণে শঙ্কা জাগে ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও। সে শঙ্কা বাস্তবে পরিণত করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাতিল করল পাকিস্তান সফর। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

বিবৃতিতে বলা হয়, ‘ইংল্যান্ড নারী এবং পুরুষ দলের পাকিস্তান সফরের বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিজটির বিষয়ে আমাদের আর এগোনো সম্ভব হচ্ছে না। অক্টোবরের দুটি সিরিজ আমরা বাতিল ঘোষণা করছি।’

আরও বলা হয়, ‘আমরা বুঝতে পারছি বিষয়টিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ আশাহত হবে। কেননা তারা নিজের মাঠে ক্রিকেট ফেরাতে বেশ পরিশ্রম করছে। আমরা আমাদের সিদ্ধান্তের জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

গতকাল নিউজিল্যান্ড সিরিজ বাতিল হলেও ইংল্যান্ড সিরিজ নিয়ে আশা প্রকাশ করেছিলেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি আশা করেছিলেন, যথাসময়ে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

২৪ ঘণ্টার মধ্যে তার আশাবাদকে মিথ্যে প্রমাণ করে সিরিজ বাতিল করল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে দূরে ছিল পাকিস্তান। সেই জটিলতা কাটিয়ে ২০১৭ সালে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছিল পাকিস্তান।


মন্তব্য করুন