মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে - রমিজ
১২:৪৬ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২১
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল করার পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যানের দাবি, ক্রিকেটের ওয়েস্টার্ন ব্লক একজোট হয়ে পাকিস্তানকে বিপাকে ফেলার আয়োজন করছে। বিশ্বকাপে মাঠের ক্রিকেটে হারিয়েই এই জোটকে জবাব দিতে চান তিনি।
পিসিবির এক ভিডিও বার্তায় সেই ক্ষোভে রমিজ রাজা বলেন,
“ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিল। কারণ দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। আমাদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ, নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোনো তথ্য নিউ জিল্যান্ড আমাদের সঙ্গে ভাগাভাগি করেনি। এরপর ইংল্যান্ডের ঘোষণা অনুমিতই ছিল, কারণ ওয়েস্টার্ন ব্লক এসবই করে।”
রমিজ রাজা আরো বলেন,
“আমাদের জন্য এটা শিক্ষা। আমরা তাদেরকে সেবা দিতে নিজেদের সীমা ছাড়িয়ে চেষ্টা করি, তাদের চাওয়াকে মাথায় তুলে রাখি। আমরা দুনিয়ার সেরা অতিথিপরায়ণ। অথচ আমরা ওদের দেশে গিয়ে কোয়ারেন্টিনের সব নিয়ম মানি, অনেক অপমান করা হলেও সহ্য করি। এখানেই শিক্ষা নেওয়ার আছে যে, এখন থেকে আমরা ততটাই করব, যতটায় আমাদের লাভ আছে।”
রমিজের আশঙ্কা, এই দুই সিরিজ বাতিলের প্রভাব অন্যান্য সিরিজের ওপরও পড়তে পারে।
“ক্রিকেট সমাজ যদি এসবের খেয়াল না রাখে, তাহলে আর কী লাভ! বিপদের সময়ই তো পরস্পরের পাশে থাকা উচিত। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করল, সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অস্ট্রেলিয়া-এসবও হুমকিতে পড়তে পারে। কারণ, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ডের ব্লক একই।”
“অভিযোগ কাকে করব? তারা তো আপন। যদিও তারা আমাদের আপন করেনি এবং নানা অজুহাত খোঁজে সফর না করার।”
আপাতত রমিজের চাওয়া, বিশ্বকাপে মাঠের ক্রিকেটেই যেন জবাব দেয় পাকিস্তান। তাই রমিজ আরো বলেন,
“আমরা বিশ্বকাপে যাব এবং সেখানে আগে লক্ষ্য ছিল একটি দল, আমাদের প্রতিবেশিরা (চিরপ্রতিদ্বন্দ্বী ভারত), সেখানে এখন আরও দুটি দল যুক্ত হলো-নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। এখান থেকে শক্তিও মিলবে এবং একটা মানসিকতাও গড়ে তুলতে হবে যে, ‘তোমরা আমাদের সঙ্গে ঠিক কাজ করোনি, আমরা তোমাদের কাছে হারব না।’ মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে।”
আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপেই আছে ভারত ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে দেখা হতে পারে কেবল সেমি-ফাইনাল বা ফাইনালে।