পাকিস্তান সিরিজেই ফিরছেন তামিম
০৪:৪৪ পিএম | ০১ নভেম্বর, ২০২১
অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই, খেলছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশসেরা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাম হাতের বুড়ো আঙুলের চোট নিয়ে ফিরেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ থেকে।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিম জানান কবে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তামিম ইকবালকে।
রবিবার (৩১ অক্টোবর) তামিম বিসিবি মেডিকেল টিমের সঙ্গে তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এবং সেখানে তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা জানান, আগামী ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবেন তিনি। এরপর অবস্থা বুঝে পরবর্তীতে পূর্ণাঙ্গ ব্যাটিং সেশনে যেতে পারবেন তামিম।'
তামিম ইকবাল বলেন, ‘আমি ডাক্তারের সঙ্গে দেখা করেছি এবং তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং শুরু করার পরামর্শ দিয়েছে এবং এখন আমি তাদের জানিয়েছি আমি জাতীয় লিগে পঞ্চম রাউন্ডে খেলতে চাই।'
’‘আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠিনি কিন্তু আমি তিন সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করেছি এবং আবার ব্যাটিং শুরু করতে আরও এক সপ্তাহ বাকি আছে। আশা করি এর মধ্যে সব ঠিক হয়ে যাবে।"
তবে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে এই সিরিজে খেলবেন না। তামিম তার কারণ হিসেবে তামিম জানান, সে সময়টায় নিজেকে প্রস্তুত করার জন্য জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নামবেন তিনি।
বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড তাদের অনুশীলন শুরু করার কথা ১২ নভেম্বর থেকে। আগামী ১৯, ২০, ও ২২ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে।
এরপর চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর মাঠে গড়াবে দুই টেস্টের প্রথমটি। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।