শুক্রবার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি
০৯:১২ পিএম | ১০ নভেম্বর, ২০২১
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল ঘোষণা করবে আগামী শুক্রবার (১২ নভেম্বর)।
বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভবনে দুপুর আড়াইটার দিকে আলোচনা বৈঠকে বসেন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, খান আব্দুর রাজ্জাক। এবং জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনও উপস্থিত থাকতে দেখা যায়।
সকাল থেকে মিরপুর হোম অব ক্রিকেটে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও দীর্ঘ বৈঠক শেষে কেউই আনুষ্ঠানিকভাহে কিছু জানাননি।
নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ নভেম্বরের (শুক্রবার) আগে দল ঘোষণার সম্ভাবনা খুব কম। এবং আরো জানা গেছে, শুক্রবার হয়তো আর ২০-২২ জনের দল ঘোষণা হবে না। একটু ছোট মানে ১৮ জনের দল হওয়ার সম্ভাবনাই বেশি। ঐ ১৮ জনই করোনা টেস্ট দিয়ে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।
আগামী ১৯, ২০, ও ২২ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে।
এরপর চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর মাঠে গড়াবে দুই টেস্টের প্রথমটি। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।