ইংলিশদের হারিয়ে টি২০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে কিউইরা
১২:৪৪ এএম | ১১ নভেম্বর, ২০২১
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ১৬৭ রানের টার্গেট তাড়ায় ১৩ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় নিউজিল্যান্ড।
কিন্তু ওপেনার ড্যারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মিচেল।
এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
বুধবার (১০ নভেম্বর) আবুধাবীর শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ইংলিশদের ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড শুরুটা ভালো না হলেও শেষ হাসিটা হেসেছেন তারাই। ১৯ ওভারে ৫ উইকেটে জয় পায় কিউইরা।