© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় পা রাখলো পাকিস্তান দল

শেয়ার করুন:
মিনহাজ চৌধুরী, মোবাইল জার্নালিস্ট
০৮:৪৫ এএম | ১৩ নভেম্বর, ২০২১
বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে বিশ্বকাপ থেকে সরাসরি বাংলাদেশে পা রাখলো পাকিস্তান ক্রিকেট দল।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় তারা।

নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও বিশ্বকাপের সেমিফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে হেরে দুবাই থেকে সরাসরি ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ পাক অলরাউন্ডার শোয়েব মালিক আসবেন ১৬ই নভেম্বর।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করেছে পাকিস্তান দল। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল রবিবার থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

আগামী ১৯, ২০, ও ২২ নভেম্বর বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে।
এরপর চট্টগ্রামে ২৬ থেকে ৩০ নভেম্বর মাঠে গড়াবে দুই টেস্টের প্রথমটি। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান আরো এক সপ্তাহ আগে আগামী সিরিজ উপলক্ষে তাদের দল ঘোষণা করলেও বাংলাদেশ দল এখনো ঘোষণা হয়নি।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।


মন্তব্য করুন