ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
০৬:২০ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২১
ভারতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ফাইনালে ভারতের যুব 'বি' দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ভারত 'বি' দলকে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে ৫৩ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে। জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল।
এই জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা পাকা করে ফেললো যুবারা। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসবে যুব বিশ্বকাপের পরবর্তী আসর।