© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে চান সৃজিত

শেয়ার করুন:
মিনহাজ চৌধুরী, মোবাইল জার্নালিস্ট
০৯:৪৬ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২১
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবদের শুভেচ্ছা ও উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হয়ে সৃজিত মুখার্জি জানালেন নিজের অনেকদিনের ইচ্ছের কথাও। 

চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি জানান, সেলুলয়েডের ফিতায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী তুলে আনতে চান। শুধু সাকিবই নন, বাংলাদেশ ক্রিকেটের আরেক কিংবদন্তি ও পথিকৃৎ রকিবুল হাসানকে নিয়েও বায়োপিক বানাতে চান এ টলিউড পরিচালক।

সৃজিত মুখার্জি বলেন, ‘‘আমার খুব ইচ্ছে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে (রাকিবুল হাসান ও সাকিব আল হাসান) নিয়ে চলচ্চিত্র তৈরি করার। বিষয়টি নিয়ে এখনও কারও সঙ্গেই কথা হয়নি। বাংলাদেশের ক্রিকেটে তাদের যে নাটকীয় ও অনবদ্য অবদান তা ভোলার নয়।’’

রাকিবুল হাসানকে নিয়ে সৃজিত বলেন, ‘‘সিনেমার জন্য রাকিবুল হাসান দুর্দান্ত চরিত্র। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধাবোধ করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) স্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রাকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। উনার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’’

অন্যদিকে, সাকিব আল হাসানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এ টলিউড নির্মাতা বলেন, ‘‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনো কোনো সিনেমা হয়নি কেন, সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এত দিনে তো হুড়োহুড়ি লেগে যাবে, কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’’

ক্রিকেট নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সৃজিত বলেন, ‘‘ক্রিকেট আমার প্রথম প্রেম। ক্রিকেট আমাকে যেভাবে উৎসাহিত করে, সেভাবে আর কিছু করে না। আশা করি, দ্রুতই বাংলাদেশে ক্রিকেট নিয়ে কিছু করতে পারব।’’

গতকাল ৬ ডিসেম্বর ছিল সৃজিত-মিথিলা জুটির প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষ্যেই সম্প্রতি বাংলাদেশে নিজের শ্বশুরবাড়িতে এসেছেন সৃজিত মুখার্জি।

মন্তব্য করুন