আগে দেশ, পরে আইপিএল: তাসকিন
০৭:২৮ পিএম | ২১ মার্চ, ২০২২
আইপিএলে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য বর্তমানে বড় স্বপ্ন। সেই স্বপ্ন নিয়েই আইপিএল নিলামে নাম দিয়েছিলেন তাসকিন। নিলাম থেকে না নিলেও সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি ছিলেন তাসকিন। আইপিএলের চুক্তি তাঁর দরজায় এসে কড়া নাড়িয়েছে।
তবে আইপিএল খেলতে তাসকিন আহমেদকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকার কারণে তাঁকে ছাড়তে অনুমতি দেয়নি বিসিবি। আইপিএলে তাসকিনের অংশগ্রহণ না করার ব্যাপারটি জানিয়েছেন করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
“আপনারা জানেন যে লক্ষ্মৌ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।”
“জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।”
তাসকিনের আইপিএল খেলার প্রস্তাবটা এসেছিল লক্ষ্মৌ ফ্র্যাঞ্চাইজি থেকে। গৌতম গম্ভীর বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন তাসকিনকে পুরো আইপিএল মৌসুমে পেতে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় জাতীয় দলকেই প্রাধান্য দিচ্ছেন তাসকিন।