ফিনিশিংয়ে ব্যর্থ ব্রাজিলের অবশেষে কষ্টের জয়
০৬:৩৮ পিএম | ০৬ জুন, ২০২২
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে রাজত্ব করা ব্রাজিল যেন হারিয়ে ফেলেছে ছন্দ! ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে গিয়ে ব্যর্থ তিতের শিষ্যরা। শেষদিকে এসে গোলের দেখা পান নেইমার।এরপর দারুণ কিছু আক্রমণে গিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় স্বাগতিক জাপান।
সোমবার (৬ জুন) বাংলাদেশ সময় বিকেলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে জাপানকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল।
দলের হয়ে একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। দুই এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া এবং জাপানকে ধরাশায়ী করে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই সারল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সোমবার জাপানকে তাদের মাঠেই হারিয়েছে সেলেসাওরা।
জাপানের বিপক্ষে জয়টা অবশ্য সহজে ধরা দেয়নি লাতিন আমেরিকান জায়ান্টদের কাছে। দুর্ভাগ্য, বাজে ফিনিশিং আর জাপানিজ রক্ষণের দৃঢ়তায় ম্যাচের জয়সূচক গোলটির জন্য ৭৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। তবে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে নেইমারের লক্ষ্যভেদে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে তিতের দল।