বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দল কোনটি? ব্রাজিল ,আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড
০১:৫৪ পিএম | ০৪ জুলাই, ২০২২
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসছে ফুটবল বিশ্বকাপ। চলতি বছরের নভেম্বরে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবলের সবচেয় বড় টুর্নামেন্ট। ২২তম বিশ্বকাপ আসর নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে উন্মাদনা, দিন দিন বাড়ছে এর উত্তেজনা।
এরই মধ্যে সংবাদমাধ্যম থেকে ক্রীড়াবোদ্ধা এমনকি ভক্ত-সমর্থক সবারই যেন ঘুম হারাম। কোন দল ফেভারিট, কারাই-বা জিতবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট, তা নিয়েই চলছে বিস্তর কাটাছেঁড়া। প্রিয় দলের ফাইনালের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কারা, সেটি নিয়েও চলছে জোর চর্চা।
বিশ্বকাপ এলেই সমীকরণ চলে অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা নিয়ে। কোন দল কতটা শক্তিশালী, কোন দলে কত দামি খেলোয়াড় আছে, কোন দলের র্যাঙ্কিং কেমন এসব যেন আলোচনার কেন্দ্রবিন্দু। আজ তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা।
চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দামি ১০ জাতীয় দল কোনটি কোনটি :
১) ইংল্যান্ড
বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলের তালিকায় সবার উপরে ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা দলটির বর্তমান বাজার মূল্য প্রায় ১.২৯ বিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে দামি খেলোয়াড়রা হলেন কেইন ৯০ মিলিয়ন, ফোডেন ৯০ মিলিয়ন এবং আর্নল্ড ৮০ মিলিয়ন।
২) ফ্রান্স
দলবদলের বাজার হিসেবে সর্বোচ্চ মূলের জাতীয় দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। দলটির বর্তমান বাজার মূল্য ১.০৬ বিলিয়ন ইউরো। ফ্রান্সের সবচেয়ে দামি ফুটবলাররা হলেন এমবাপ্পে ১৬০ মিলিয়ন, এনকোনকো ৮০ মিলিয়ন ও কোম্যান ৬০ মিলিয়ন।
৩) ব্রাজিল
সর্বোচ্চ দামি জাতীয় দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা ব্রাজিলের বর্তমানে বাজার মূল্য ১.০১ বিলিয়ন ইউরো। ব্রাজিলের এই মুর্হূতে সবচেয়ে দামি খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ১০০ মিলিয়ন, নেইমার ৯০ মিলিয়ন ও মার্কুইনহুইস ৭০ মিলিয়ন।
৪) জার্মানি
ফিফা র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা জার্মানিই এই মুর্হূতে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ দামি জাতীয় দল। দলবদলের বাজারে জার্মানির বর্তমান মূল্য প্রায় ৮২৪.৫০ মিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে দামি খেলোয়াড় কিমিখ ৮০ মিলিয়ন, হাভার্টজ ৭০ মিলিয়ন ও গোরেটজকা ৬৫ মিলিয়ন।
৫) পর্তুগাল
বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। পর্তুগালের বর্তমানে বাজার মূল্য ৭৭২ মিলিয়ন ইউরো। বর্তমানে দলটির সবচেয়ে দামি খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ৮৫ মিলিয়ন, বার্নাডো সিলভা ৮০ মিলিয়ন ও লিয়াও ৭০ মিলিয়ন।
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে স্পেন। তাদের বাজার মূল্য ৭৫১ মিলিয়ন ইউরো। সপ্তম স্থানে ইতালি। বিশ্বকাপে জায়গা না হাওয়া দলটির বর্তমান বাজার মূল্য ৬৪৬.৩০ মিলিয়ন ইউরো।
বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলের তালিকায় অষ্টম স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দুই বারের বিশ্বকাপ জয়ী দলটির বর্তমান বাজার মূল্য ৬২৭ মিলিয়ন ইউরো। নবম ও দশম স্থানে রয়েছে যথায়ক্রমে নেদারল্যান্ডস ৪৯৫.৪০ মিলিয়ন ইউরো ও উরুগুয়ে ৩৯৫.৫০ মিলিয়ন ইউরো।
এই বাজার দর নির্ধারণ করা হয় মূলত দলবদলের বাজারে যে কোনো দেশের খেলোয়াড়দের মূল্যের উপর ভিত্তি করে। ট্রান্সফার মার্কেট ২৩ জুন ২০২২ সালের সর্বশেষ আপডেট এটি।