© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কা থেকে সরে বাংলাদেশ হচ্ছে এশিয়া কাপের ভেন্যু!

শেয়ার করুন:
শ্রীলঙ্কা থেকে সরে বাংলাদেশ হচ্ছে এশিয়া কাপের ভেন্যু!
মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ১২ জুলাই, ২০২২
কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এই দেশটিতে বসার কথা ছিল এবারের এশিয়া কাপের আসর। কিন্তু রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে এ আয়োজন নিয়ে শঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংকটে থাকা শ্রীলঙ্কাতেই এ আসর হবে নাকি তা সরিয়ে নিয়ে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হবে, তা নিয়ে চলতি মাস শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

আগস্টের ২৭ তারিখ পর্দা ওঠবে এশিয়া কাপের। তবে ভেন্যু নিয়ে দুশ্চিন্তা কাটেনি এখনো। শ্রীলঙ্কা ক্রিকেট এখনো আশাবাদী হলেও ক্রমে বিকল্প ভেন্যু হিসেবে বাড়ছে বাংলাদেশের সম্ভাবনা।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্পোর্টস্টার জানিয়েছে, ‘এসিসি এখনো দেশটির অবস্থা পর্যবেক্ষণ করছে এবং এ মাসের শেষের দিকে নির্ধারিত সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে, সব কটি ফ্যাক্টর মাথায় রেখেই।

এর আগে অস্ট্রেলিয়া ও ভারতীয় নারী দলের সঙ্গে সফলভাবে সিরিজ আয়োজনের পর দ্বীপরাষ্ট্রটি অত্যন্ত আশাবাদী ছিল এই মর্যাদাসম্পন্ন আসরটি আয়োজনের। কিন্তু গত সপ্তাহে পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নিয়েছে যখন প্রেসিডেন্ট ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়। বর্তমান পরিস্থিতি অবলোকনের পর, এসিসি কোনো ধরনের সম্ভাবনা যাচাইয়ে ইচ্ছুক নয় এবং বিকল্প খোঁজার মতো পর্যাপ্ত সময়ও তাদের হাতে নেই। তাই বাংলাদেশকেই ভাবা হচ্ছে সম্ভাব্য বিকল্প হিসেবে।

এশিয়া কাপের এ আসরটি প্রকৃতপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু কোভিড-১৯ মহামারি দেখা দিলে তা স্থগিত করা হয়। টুর্নামেন্টটিতে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ এরই মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ওমান ও হংকংকে নিয়ে কোয়ালিফায়ারের মাধ্যমে নিশ্চিত করা হবে বাকি দল। আগস্টের ২১ তারিখ মাঠে গড়াবে এই কোয়ালিফায়ার।

মন্তব্য করুন