এশিয়া কাপে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ?
০৯:৩০ পিএম | ২৭ আগস্ট, ২০২২
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠল মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেটের এই সর্ববৃহৎ আসরে অংশ নিচ্ছে ৬টি দেশ। এশিয়ার পাঁচটি টেস্টখেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির সহযোগী দেশ হংকং। ১১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এবারের আসর শ্রীলঙ্কায় আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাত স্থানান্তর করা হয়। তবে আয়োজক হিসেবে থাকছে লঙ্কান ক্রিকেট বোর্ডই। এতে এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক হওয়ার কারণে বেশ মোটা অঙ্কের অর্থই পাচ্ছে এসএলসি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে আনুমানিক ৬৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ কোটি ৬৩ লাখ ৩৯ হাজার টাকা) পাবে তারা। এর মধ্যে আছে আয়োজক স্বত্ব ফি, টিকিট বিক্রি ফি ও ৬ দলের অংশগ্রহণ ফি।
এদিকে আর্থিকভাবে বাংলাদেশের লাভও কম নয়। এসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্ভাব্য আয় ২০ থেকে ২২ কোটি টাকা।