অপ্রতিরোধ্য আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
১১:১৮ পিএম | ৩০ আগস্ট, ২০২২
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে নাজিবউল্লাহ ৩৭ ও ইব্রাহীম ৪২ রানের অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
সাকিবের পর বাংলাদেশকে উইকেট এনে দিলেন মোসাদ্দেক
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারাতে পারতো আফগানিস্তান। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসানের খাটো লেংথের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন রহমানুল্লাহ গুরবাজ। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ব্যক্তিগত ৬ রানে জীবন পান গুরবাজ।
যদিও আফগান ওপেনারকে ইনিংস বড় করতে দেননি সাকিবই। পঞ্চম ওভারে আবারও সাকিবের বলে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন গুরবাজ। তবে সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণে বলের লাইন মিস করেন তিনি। তাতে অনায়াসে স্টাম্পিং করে মুশফিকুর রহিম। আর গুরবাজ ফেরেন ১১ রান করে।
পাওয়ার প্লের পর নিজেদের খানিকটা গুছিয়ে নেয়ার চেষ্টা করলে ইবরাহিম জাদরানের সঙ্গে বড় জুটি গড়ার আগেই হজরতউল্লাহ জাজাইকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। ডানহাতি এই অফ স্পিনারের স্টাম্প সোজা বলে ক্রস ব্যাটে খেলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বিপজ্জনক জাজাই। বাঁহাতি এই ওপেনার রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। তাতে ২৩ রানে ফিরে যেতে হয় তাকে।
এরপর মোহাম্মদ নবিকে ব্যক্তিগত ৮ রানে এলবিডব্লিউ করে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। আর তাতেই স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে।