ভারতকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
০৮:৫৪ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২২
রেফারির শেষ বাঁশি। সাবিনা, কৃষ্ণাদের উল্লাস। সবাই এক সঙ্গে মাঠে মাথা নোয়ালেন। এরপর মাথা তুলে ভোঁ-দৌড়। নারী ফুটবলে এ দিনটির অপেক্ষায় ছিল বাংলাদেশ।
সাফের আসরে ভারতকে হারিয়েছেন সাবিনারা। আজ নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে বাংলাদেশ গ্রুপ পর্বে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল ভূটানকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। আর স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত।
সাফের আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ নেপাল ও ভারত। বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল খুব আরাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আজ সাবিনারা। পুরো ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলেছে। ভারত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি খেলায়।
ম্যাচের প্রথমার্ধে দুই গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে আরেক গোল করে বাংলাদেশ ম্যাচটা নিয়ে যায় ভারতের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ নারী ফুটবলে ভারতের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে খেলার ঘটনা ইতোপূর্বে নেই খুব একটা।