বাংলাদেশকে দেড়শ'র নিচে আটকে দিল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত
১২:০৬ পিএম | ২৪ অক্টোবর, ২০২২
পাওয়ার প্লে'তে পাওয়া ছন্দ বাংলাদেশ ধরে রাখতে পারেনি মাঝের ওভারগুলোতে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন আফিফ হোসেন। মাঝের ধাক্কা সামাল দিয়ে এই ব্যাটারের ৩৮ রানের ইনিংসে বাংলাদেশ পেয়েছে লড়াই করার পুঁজি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সাকিববাহিনীর সংগ্রহ ১৪৪।
উইকেট ও কন্ডিশন বিবেচনায় টসে জিতেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেদ্যারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে তার সিদ্ধান্তের প্রতিদান শুরুতেই দিতে পারেননি ডাচ বোলাররা। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার গতি ও বাউন্স সামাল দিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন।
সৌম্য ১০০ স্ট্রাইক রেটে রান তুললেও ওপরপ্রান্তে শান্ত হাত খুলেই খেলেন। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ভান মেকেরিনের বুক বরাবর করা বাউন্সের গতি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন সৌম্য। ১৪ বলে ১৪ রানে তিনি ফিরলে পরের ওভারে পঞ্চম স্টাম্প থেকে টিম প্রিঙ্গেলকে স্লগ সুইপ করতে ক্যাচ আউট হন শান্তও।
২০ বলে ২৫ রান করে আউট হন এই ওপেনার। দুই ওপেনারকে হারিয়ে বসার ধাক্কা সামাল দিতে পারেননি সাকিব আল হাসান ও লিটন দাস। ১১ বলে ৯ রান করে ভ্যান বিককে মারতে গিয়ে ৩০ গজের ভেতর তালুবন্দি হন লিটন। খানিক পর শালিজ আহমেদকে স্লগ করতে গিয়ে বাউন্ডারিতে তালুবন্দি হন সাকিবও।
ক্রিজে নেমে মেকেরিনের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন ইয়াসির। এরপর আফিফকে সঙ্গ দিতে নামে নুরুল হাসান।
তবে ১৮তম ওভারে বাস ডি লিডকে পেছনে খেলতে গিয়ে আউট হন সোহান। দলীয় ১২০ রানে ক্রিজে নেমে জোড়া বাউন্ডারি হাঁকান মোসাদ্দেক। কিন্তু ওভারের শেষ বলে আফিফকেও উইকেটের পেছনে আউট করেন লিড। ২৭ বলে ৩৮ রান করে আউট হন এই ব্যাটার।
বাংলাদেশ পায় ১৪৪ রানের পুঁজি। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২০ রানে।