৫ ওভারে ৪ উইকেট নেই ডাচদের
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২২
স্কোরবোর্ডে বড় রান হয়নি। তারপরও প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ইনিংসের শুরুর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে সাকিববাহিনীকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন আহমেদ। এরপর চতুর্থ ওভারে আরও ২টি রান আউট ডাচদের ঠেলে দেয় আরও ব্যাকফুটে। ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে এখন কোণঠাসা অবস্থা তাদের।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের তোপে পড়ে ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট হারায় তারা। বিক্রমজিত সিং ক্যাচ তুলে দেন স্লিপে, যা লুফে নেন ইয়াসির আলী রাব্বি। পরের বলে বাস ডি লিডকে ফেরান তাসকিন। উইকেটরক্ষক সোহানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
চতুর্থ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে ছক্কা খেলেও দ্বিতীয় বলে ম্যাক্স ও'ডাউডকে রান আউট করেন সাকিব। একই ওভারের চতুর্থ বলে কোন বল না খেলেই রান আউট হন টম কুপার। এই মুহূর্তে ক্রিজে আছেন কলিন অ্যাকারম্যান ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস।