জিম্বাবুয়ের জয়ে ভাগ্য খুললো বাংলাদেশের
১০:৪৯ পিএম | ২৭ অক্টোবর, ২০২২
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ১ রানের জয়টি বিশ্বকাপে গ্রুপ 'বি' দলগুলোর সেমিফাইনালে যাওয়ার সমীকরণ আরো জটিল করে তুলেছে৷ ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদেও সেমিফাইনাল খেলার টিকেট পেয়ে যেতে পারে টিম বাংলাদেশ ৷
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির বাগড়া ও ছোট দলগুলোর অপ্রত্যাশিত জয়ে সেমিফাইনালে উঠার লড়াই আরো জমজমাট হয়ে উঠেছে। ইতোমধ্যে গ্রুপ 'বি' এর প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। পরপর দুটি ম্যাচে জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। একটি করে জয় এবং বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সমান ৩ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এছাড়া দুটি ম্যাচের মধ্যে নেদারল্যান্ডস এর বিপক্ষে জয়টি বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্নকে এখনও বাঁচিয়ে রেখেছে৷ তবে পরপর দুটি ম্যাচ হেরে সেমিফাইনাল অনেকটাই অনিশ্চিত নেদারল্যান্ডস ও পাকিস্তানের।
ভারতের সাথে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে দক্ষিণ আফ্রিকাকে এজন্য টপকে যেতে হবে ভারত ও পাকিস্তানের মত বড় দুটি দলকে। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন না ঘটলেও প্রোটিয়াদের জন্য ভারত-পাকিস্তান বধ এতটা সহজ হবে না। এদিকে জিম্বাবুয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে চলে যেতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে। এক্ষেত্রে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের জয়টা গুরুত্বপূর্ণ না হওয়ায় তাদেরকে হিসাবের মধ্যে রাখতেই হচ্ছে ৷
তবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় সহ ভারত ও পাকিস্তানের মধ্যে থেকে যে কোন একটি দলকে হারাতে পারলে কপাল খুলতে পারে বাংলাদেশেরও। এছাড়া দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে পাকিস্তান ও ভারতের সাথে। এক্ষেত্রে সমীকরণের মারপ্যাঁচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সেমিফাইনালে খেলাটা হতে পারে আরেকটি রোমাঞ্চকর অঘটন।