স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল নিউজিল্যান্ড
ছবিঃ সংগৃহীত
১১:০৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
আট বছর পর অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যেখানে হার দিয়ে আসর শুরু করলো পাকিস্তান। দিন কয়েক আগেই নিউজিল্যান্ডের কাছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করেছিল পাকিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে হার দিয়ে আসর শুরু করল মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে উড়তে থাকা কিউইরা ৬০ রানের বড় জয়ে সেমির সমীকরণ সহজ করল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যার ফলে নিউজিল্যান্ড তুলে নিয়েছে ৬০ রানের জয়।
বড় লক্ষ্য তাড়া করার ম্যাচে পাকিস্তানের হয়েওপেনিংয়ে নামেন বাবর আজম ও সৌদ শাকিল। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। ১৯ বলে মাত্র ৬ রান করেই উইলিয়াম ও'রর্কের শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌদ শাকিল। তার বিদায়ে ৮ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।
সৌদ শাকিলের বিদায়ের পর জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে বেশিদূর এগোনোর আগে এই জুটিকে থামিয়ে নিউজিল্যান্ডকে স্বস্তি এনে দেন উইলিয়াম ও'রর্কে। তার দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। আউট হওয়ার আগে করেন ১৪ বলে ৩ রান। তার বিদায়ে ভাঙে ১৪ রানের জুটি।
মোহাম্মদ রিজওয়ান ফিরে গেলে ফখর জামানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন বাবর আজম। এই জুটিতে ভর করে ঘুরে দাড়ানোর চেষ্টা করে পাকিস্তান। থীতু হয়েও আজ নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন ফখর জামান। ৪১ বলে ২৪ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।
এরপরেই ক্রিজে আসেন সালমান আগা। তাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে রাখেন বাবর আজম। একপ্রান্ত আগলে রেখে কিউইদের বিপক্ষে ৮১ বলে অর্ধশতক তুলে নেন বাবর। ওয়ানডে ক্যারিয়ারের ৩৫ তম অর্ধশতক।