ম্যাচ হারার কারণ জানালেন অধিনায়ক শান্ত
ছবি: সংগৃহীত
০৯:৫১ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিজে নামার আগেই যেন হেরে বসেছিল বাংলাদেশ! মাত্র ৩৫ রানে ৫ উইকেট, ক্যাচ মিস, স্টাম্পিংয়ের মতো বড় ভুল। একটার পর একটা ধাক্কা। তাহলে কি টস জিতে ব্যাটিং নেওয়াই ছিল ভুল সিদ্ধান্ত? নাকি পরিকল্পনার ঘাটতিতেই হারল বাংলাদেশ? এবার ক্যাপ্টেন শান্তর ব্যাখ্যায় উঠে এল হারের আসল কারণ।
টস জিতে ব্যাটিং নেওয়ার পরই যেন ফাঁদে পড়ে বাংলাদেশ। মহম্মদ সামি, হর্ষিত রানা আর অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। সেই ধাক্কা সামলানোর আগেই একের পর এক ক্যাচ মিস, স্টাম্পিংয়ের সুযোগ হারানো, সব মিলিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দুর্দশা।
ম্যাচ শেষে ক্যাপ্টেন শান্ত অকপটে স্বীকার করে জানান, পাওয়ার প্লেতে আমরা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। আমাদের লোয়ার অর্ডার ভালো খেললেও শুরুতেই বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। পাশাপাশি ফিল্ডিং ভুলগুলো নিয়েও তিনি হতাশ, তিনি বলেন, ক্যাচ ফেলা, রানআউট মিস, এসব সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।
পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ দলে একজন কার্যকরী স্পিনারের অভাবও চোখে পড়েছে। শান্ত জানান, মাহমুদুল্লাহর চোট ছিল, তাই খেলাতে পারিনি। তবে আমাদের পেসাররা শুরুতে ভালো বল করতে পারেনি। শুরুতে উইকেট নিতে পারলে ম্যাচ অন্যরকম হতে পারত।
অধিনায়ক শান্তর কথায় স্পষ্ট, বাংলাদেশ ম্যাচ হেরেছে নিজেদের ভুলেই। ব্যাটিং ধস, ফিল্ডিংয়ে একের পর এক ভুলের কারনেই হারতে হয়েছে দলকে। তবে এ ভুল শুধুরে আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন!