হারের দিনেও হৃদয়ের ‘হৃদয় গাঁথা’ ইনিংস
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
৩৫ রানে নেই ৫ উইকেট, বাংলাদেশের ইনিংস তখন ধ্বংসস্তূপে। লড়াই করার মতো পুঁজি তো দূরের কথা, ১০০ পেরোবে তো? এমন সময় এক তরুণ ব্যাটার নিলেন দায়িত্ব। ক্র্যাম্পে কাতর, পা চলছিল না, তবুও মাঠ ছাড়েননি! একের পর এক ডেলিভারি মোকাবিলা করে একাই টেনে তুললেন দলকে, গড়লেন স্বপ্নের সেঞ্চুরি! বলছিলাম ম্যাচে হেরে গিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করে নেওয়া তৌহিদ হৃদয়ের কথা।
ম্যাচের শুরুতে বাংলাদেশের টপ অর্ডার যেন ধসে পড়ছিল তাসের ঘরের মতো। মাত্র ৩৫ রানেই নেই ৫ উইকেট। এমন সময় দলের হাল ধরলেন জাকের আলি ও তাওহীদ হৃদয়। ষষ্ঠ উইকেটে গড়লেন ১৫৪ রানের অবিশ্বাস্য এক জুটি। যা ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ষষ্ঠ উইকেট পার্টনারশিপ।
জাকের ৬৮ রান করে ফিরলেও হৃদয় ছিলেন অবিচল। শরীর সাড়া দিচ্ছিল না, হাঁটতে কষ্ট হচ্ছিল, তবু তিনি ছিলেন চীনের প্রাচীর হয়ে। এক সময় মনে হচ্ছিল, হয়তো রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হবে। কিন্তু না, শেষ পর্যন্ত ক্র্যাম্পকে জয় করে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
১১৮ বলে ১০০ রান করে শামির বলে ক্যাচ দিয়ে ফিরলেন হৃদয়। ততক্ষণে দল পেয়েছে সম্মানজনক সংগ্রহ, পেয়েছে লড়াই করার পুঁজি।