বাংলাদেশকে কটাক্ষ করে যা বললেন শেহবাগ
ছবি:সংগৃহীত
০৬:৫৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছো। বাংলাদেশকে কটাক্ষ করে এভাবেই কথাগুলো বলেছেন বিরেন্দ্র শেহবাগ। বাংলাদেশ ভারত ম্যাচকে কেন্দ্র করে বরাবরই আলোচনায় আসে শেহবাগের উক্তি কিংবা কটুক্তি। বাংলাদেশকে কটাক্ষ করে যেনো আলাদা মজা পান ভারতের সাবেক এই ব্যাটার। সেই ধারাবাহিকতায় বাদ গেলেননা এবারও। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তাচ্ছিল্য করেই কথা বললেন ম্যাচ শেষে এক অনুষ্ঠানে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে অনেকটা হেসেখেলেই হারিয়েছে ভারত। ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই সেভাবে আধিপত্য দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। ব্যাটিং ধসের পর তাওহীদ হৃদয়ের করা দারুণ সেঞ্চুরি ম্লান হয়ে গেছে শুভমান গিলের অনবদ্য ব্যাটিংয়ে। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় এই ওপেনার।
২০ ফেব্রুয়ারি ম্যাচ শেষে এক অনুষ্ঠানে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ বলেন, ‘আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছো। এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে ১ শতাংশ সংশয় ছিল। আমি এটা মানি না। আমারই যদি না হয় তাহলে সমর্থকদের কই থেকে আসবে।’
আড়াইশোর কম টার্গেট তাড়ায় ভারতের মন্থর ব্যাটিং নিয়ে শেবাগ বলেন, ‘খুবই সহজ একটা খেলা ছিল, ৪-৫ ওভার তো বাকিই ছিল। গিল তো একটু সময় নিয়ে খেলছিল। রোহিত বা কোহলির কেউ যদি আউট না হতো তাহলে এই ম্যাচ ৩৫ ওভারেই জিততাম। তারা আউট হয়ে গেছে এজন্য গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে। নয়ত তলোয়ারের মতো ব্যাট চালাতো।’
জাকের আলি লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিল। একই অনুষ্ঠানে সেই ক্যাচের ঘটনা সামনে এনে পার্থিব প্যাটেল বলেন, ‘জাকের আলী যদি ওই সময় ক্যাচ ধরতো..তখনও ৭০ রান বাকি ছিল।’ পাশে থাকা শেবাগ বলেন, ‘তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। এদের জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল।’