© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ড্র: মুখোমুখি দুই মাদ্রিদ

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ড্র: মুখোমুখি দুই মাদ্রিদ

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্যে এবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ। ঘরোয়া ফুটবলে তাদের তীব্র প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্য তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে, তারা খেলবে বেনফিকার বিপক্ষে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

নতুন আঙ্গিকের এবারের আসরে প্রাথমিক পর্বটা মোটেও ভালো কাটেনি রেয়াল মাদ্রিদের। তাই নকআউট পর্বে জায়গা করে নিতে শিরোপাধারীদের খেলতে হয় প্লে-অফ, সেখানে ইংলিশ চ্যাম্পিয়ন সিটিকে হারায় তারা।

নামের ভারে কিংবা শক্তিতে অনেক এগিয়ে থাকলেও, সাম্প্রতিক সময়ে ধুঁকছে সিটি। প্লে-অফের লড়াইয়ের ফিরতি পর্বেই যেমন তাদের বিপক্ষে কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি কার্লো আনচেলত্তির দলকে। তবে সামনের লক্ষ্যটা হতে যাচ্ছে ভীষণ কঠিন। দারুণ ফর্মে আছে আতলেতিকো, এবারের লা লিগায় যেমন দুইবারের দেখায় একবারও জিততে পারেনি রেয়াল।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় মাদ্রিদের এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ সমৃদ্ধ। অবশ্য সেখানে রেয়ালের সুখস্মতিই বেশি; ২০১৩-১৪ ও ২০১৫-১৬ আসরের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা।

স্কোয়াডের শক্তি ও পূর্বের সাফল্যের বিবেচনায় বার্সেলোনার চেয়ে হয়তো অনেকটা পিছিয়েই থাকবে বেনফিকা। তবে ঘরের মাঠে তারা বরাবরই ভয়ঙ্কর, প্রতিপক্ষ যেই হোক না কেন। চলতি মৌসুমেই যেমন তাদের আঙিনায় হারতে বসেছিল হান্সি ফ্লিকের দল। যদিও শেষ দিকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৪ গোলে জিতে যায় কাম্প নউয়ের দলটি।

প্রায় দুই দশক পর আবার নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে যাচ্ছে দল দুটি। ২০০৫-০৬ আসরের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর, ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

মন্তব্য করুন