জাকিরের জীবনের নতুন পথ চলা!
ছবি:সংগৃহীত
০৭:৩০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দ্যুতি ছড়ানোর পর, এবার জীবনের নতুন ইনিংসে পা রাখলেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান। তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারাহ নুসরাত অদ্রির সঙ্গে।
বিপিএলের পরে জাকির ফিরে গিয়েছিলেন অনুশীলনে, যেন পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে পারেন। তবে ২১ শে ফেব্রুয়ারি ছিল তার জীবনের এক বিশেষ দিন। নতুন জীবনের শুরুতে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা, বন্ধু এবং জাতীয় দলের সতীর্থরা।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সতীর্থ, ওপেনার নাঈম শেখ এবং আফিফ হোসেন ধ্রুবসহ আরও অনেকে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। আফিফ লিখেছেন, তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।
তবে, বিয়ের পরও বিশ্রামের জন্য খুব কম সময় পেয়েছেন জাকির। কারণ ২২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে ডিপিএল দলবদল। ৩ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৫। বিপিএলে সিলেটের হয়ে ভালো পারফরম্যান্সের পর এবার প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন জাকির হাসান।
সম্প্রতি শেষ হওয়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় এসেছিলেন ওপেনার জাকির হাসান। যদিও সিলেট দলের পারফরম্যান্স সেভাবে মেলে নি, তবে জাকির তার ব্যক্তিগত পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন। ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করে সেরা ব্যাটারদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন।