পাকিস্তানের জয় চান ভারতীয় প্রাক্তন ক্রিকেটার
ছবি:সংগৃহীত
০৭:৪৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কামনা করেছেন ভারতের প্রাক্তন পেসার অতুল ওয়াসন। তার এমন অদ্ভুত সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, সেই ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তানের জয় কামনা করেছেন সাবেক এই ভারতীয় পেসার।
পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে পরাজিত হয়েছে। এর ফলে দলটির টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অতুল ওয়াসন মনে করেন, যদি পাকিস্তান ভারতকে হারাতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি আরও রোমাঞ্চকর হবে।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি চাই পাকিস্তান জিতুক, কারণ এতে প্রতিযোগিতা জমে উঠবে। পাকিস্তান জিতলে টুর্নামেন্টে উত্তেজনা বাড়বে। লড়াই সমান হওয়া উচিত।
ওয়াসন ভারতের দল সম্পর্কে বেশ ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি ভারতের ব্যাটিং গভীরতার প্রশংসা করে বলেন, ভারতের দলে দুর্দান্ত ব্যাটার রয়েছেন। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি। অক্ষর প্যাটেল পর্যন্ত আট নম্বরে ব্যাটিং করতে পারেন। দুবাইয়ের কন্ডিশন বিবেচনা করে ভারতের স্পিননির্ভর দল নির্বাচন সঠিক সিদ্ধান্ত।
এদিকে, পাকিস্তান যেখানে প্রথম ম্যাচে হারের মুখোমুখি হয়েছে, সেখানে ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে জয় পেয়েছে।