অজি-ইংরেজ ম্যাচে ভারতীয় জাতীয় সংগীত, মুখ পুড়লো পিসিবির
ছবি:সংগৃহীত
০৮:০৪ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
এবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক চরম ভুল করে বসল পাকিস্তান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ শুরুর আগে বাজানো হলো ভারতের জাতীয় সংগীত জনগণমন। এতে স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে যান। পরে আয়োজকরা ভুল বুঝতে পেরে দ্রুত সংগীত বন্ধ করলেও, যা হওয়ার তা হয়ে গেছে! পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে তুমুল সমালোচনার মুখে পড়েছে।
প্রায় তিন দশক পর নিজ দেশে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। কিন্তু এমন ভুল নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন উঠেছে, আয়োজনের দায়িত্ব নিয়ে কি আদৌ সিরিয়াস ছিল পিসিবি?
অনেকে মজা করে বলছেন, ভারতকে ভুলতেই পারছে না পাকিস্তান! কেউ কেউ বলছেন, পাকিস্তান এতটাই ভারত-আসক্ত যে নিজেদের ম্যাচ না থাকলেও ভারতের কথা ভুলতে পারছে না।
শুধু সাধারণ ভক্তরাই নন, পাকিস্তানি সাংবাদিকরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক লিখেছেন, একটা দায়িত্ব ছিল, সঠিক জাতীয় সংগীত বাজানো। অথচ সেটাই ঠিকমতো করতে পারল না আয়োজকরা।
অবশেষে পিসিবি বা আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ক্রিকেট আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।