মুশফিকের ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই: নির্বাচক আব্দুর রাজ্জাক
ছবিঃ সংগৃহীত
০৮:৪২ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে যায় টাইগাররা। তবে এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তদের সামনে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
তার আগে, শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক। ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম গোল্ডেন ডাক করলেও তাকে নিয়ে কোনো চিন্তার কারণ দেখছেন না রাজ্জাক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কেন কনসার্ন হবে? ও তো এই একটা ম্যাচ খারাপ করেছে, এতে চিন্তার কিছু নেই। যে কারো ক্ষেত্রেই এটা হতে পারে—হৃদয়, শান্ত, জাকের আলী কিংবা অন্য যে কেউ।"
এদিকে, ইনজুরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে রাজ্জাক জানান, তার খেলা ফিজিওদের রিপোর্টের ওপর নির্ভর করবে। তিনি বলেন,"আজকেও (শনিবার) সে অনুশীলন করেছে, যদিও আগের তিনদিন করেনি। সবকিছু মোটামুটি ঠিকঠাক করেছে। চূড়ান্ত অবস্থা সম্পর্কে ফিজিওরা জানাবে।"
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ ও ইনজুরি পরিস্থিতি কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।
পুরো দলের অবস্থা নিয়ে পরে রাজ্জাক জানিয়েছেন, 'টিমের অবস্থা ভালো। ভালো প্র্যাক্টিস করছে। ভালো ফ্যাসিলিটিজ এখানে, সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে। আসলে প্রথম ম্যাচে যেটা হয়ে গেছে, সেটা তো টেনে নিয়ে বেড়ানো যাবে না। রেজাল্ট যেটাই হতো, জিতলেও ওখানেই শেষ হয়ে যেত, হারলেও সেটাই। তবে সবমিলিয়ে সব ভালো যাচ্ছে দলের।’
টুর্নামেন্টের নিজের সম্ভাবনা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই বাংলাদেশের জন্য। বিশেষ করে আগের ম্যাচে ভারত জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তা না ঘটলে, রানরেট আর যদি-কিন্তুর হিসেবের আগেই বাদ পড়বে বাংলাদেশ।