কাবাডিতে নেপালের বিপক্ষে প্রথমবারের মতো হারের স্বাদ পেল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত
০৮:১৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় কাবাডি দল দারুণ এক জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে। এদিকে দ্বিতীয় ম্যাচেই নেপালের কাছে পরাস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।এর মাধ্যমে কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারাল নেপাল। তাই নেপালের কাছে এটি ঐতিহাসিক জয়ও।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নেপাল।
এদিন পল্টন ময়দানে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। বাংলাদেশের একটি লোনার বিপরীতে নেপালও একটি লোনা পেয়েছে। প্রথমার্ধে সমান ২৪ পয়েন্ট নিয়ে বিরতিতে যায় নেপাল ও বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ যতো গড়িয়েছে উত্তেজনা ততো বেড়েছে। বাংলাদেশের সাথে সমান তালে লড়েছে নেপাল। এক সময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ।
নিজেদের গুঁছিয়ে আবার সমতায় ফিরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ পর্যন্ত হাসি নিয়ে খেলা শেষ করে নেপাল।
সফরকারীরা সিরিজে সমতা ফেরায় জমে উঠল পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।