রোনালদোর ‘৯২৫তম’ গোল, মানেকে পেনাল্টি উপহার
ছবিঃ সংগৃহীত
০৮:২১ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
এক হাজার ক্যারিয়ার গোলের মাইলফলক থেকে আর মাত্র ৭৫ গোল দূরে ক্রিস্তিয়ানো রোনালদো।
মঙ্গলবার সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাস্র। ম্যাচে একটি গোল করেছেন রোনালদো, আর পেনাল্টি থেকে গোল পেয়েছেন সাদিও মানে।
সাধারণত আল নাস্রের পেনাল্টি কিক নেন রোনালদো নিজেই, তবে এবার সুযোগ করে দিলেন মানেকে। সফল স্পট কিকে ৯ ম্যাচ পর গোলের দেখা পেলেন সেনেগালের ফরোয়ার্ড, আর সেটিই ছিল ম্যাচের শেষ কিক।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮তম মিনিটে সতীর্থের ক্রসে ছুটে গিয়ে ছয় গজ বক্সে হেডে দলের প্রথম গোলটি করেন রোনালদো। তার ক্যারিয়ার গোল সংখ্যা হলো ৯২৫টি, হাজার গোলের মাইলফলক থেকে আর ৭৫টি দূরে।
এবারের লিগে ২১ ম্যাচে ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন তার সাবেক রেয়াল মাদ্রিদ সতীর্থ, আল ইত্তিহাদের কারিম বেনজেমা।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্রের হয়ে রোনালদোর মোট গোল এখন ২৫টি।
স্টেডিয়ামে যাওয়ার পথে আল নাস্রের টিম বাস বিকল হয়ে পড়ায় ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর।