শিরোপার আশা ছাড়ছেন না আর্তেতা
ছবিঃ সংগৃহীত
০৯:০৫ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়লেও হাল ছাড়তে নারাজ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি জানিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত সম্ভাবনা টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাবেন তার দল।
গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল।
বর্তমানে ২৬ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
এখান থেকে চূড়ায় ওঠা খুব কঠিন, ভালো করে জানেন আর্তেতা। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসে অবিশ্বাস্য কিছু করে দেখানোর স্বপ্ন দেখছেন তিনি।
“গাণিতিকভাবে এই অবস্থায় আমাদের (শিরোপা জয়) সম্ভব। যে অবস্থায় আছি, প্রতিটি ম্যাচ খেলতে হবে, হঠাৎ তিন দিন আগে আমাদের সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর এবং তখন ব্যবধানটা হতো দেড় ম্যাচের পয়েন্টের মতো... এটা কোনো ব্যাপার না, আমাদের এগিয়ে যেতে হবে।”
“তিন দিন আগের চেয়ে আমাদের কাজটা এখনও আরও কঠিন। তবে শিরোপা জিততে হলে তো বিশেষ কিছুই করতে হবে। আমরা যে পরিস্থিতিতে আছি, সেখান থেকে প্রিমিয়ার লিগ জিততে চাইলে সম্ভবত এমন কিছু করতে হবে যা প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কেউ করতে পারেনি।”
লিগ ম্যাচে বুধবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল।