© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষে পুরনো সুরেই অধিনায়ক শান্ত

শেয়ার করুন:
চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষে পুরনো সুরেই অধিনায়ক শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে গতকালের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ১ পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে দুই দল।

আরেকটি হতাশার টুর্নামেন্ট শেষে পুরনো বুলিই আওড়ালেন শান্ত। ভুল থেকে শিক্ষা নেওয়ার সেই পুরনো গল্পই শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

চ্যাম্পিয়নস ট্রফির ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময় শান্ত বলেছেন, ‘আগের দুটি ম্যাচে যেভাবে লম্বা সময় পর্যন্ত খেলা টেনে নিয়ে গিয়েছিলাম, আমাদের জন্য সেটা খুবই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি, ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারব। আমরা সঠিক পরিকল্পনা করব এবং সেটা কার্যকর করব।’
রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে না পারায় হতাশা ঝড়েছে শান্তর কণ্ঠে।

বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘খুবই হতাশ। আমরা সত্যি ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’

ব্যাটিং ব্যর্থতার মাঝে পেসাররা ভালো করেছেন। সে জন্য তাসকিন আহমেদ-নাহিদ রানাদের প্রশংসাও করেছেন শান্ত।

তিনি বলেছেন, ‘অতীতে সব সময় পেসার ইউনিট নিয়ে ভোগান্তিতে পড়েছি। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। তাসকিন অনেক ভালো করেছে। রানা এসেছে। ফিজ তো আছেই। আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে। আশা করি, তারা নিজেদের কাজটা করে যাবে এবং দলকে সেরাটা দেবে।’
স্ট্রাইক রোটেশন নিয়ে সামনে তিনিসহ ব্যাটাররা কাজ করবেন বলে জানিয়েছেন শান্ত। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমাকে নেটে আরো ভালোভাবে ব্যাটিং অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন নিয়ে আমাদের ভাবতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, ছেলেরা বুঝতে পারবে আমাদের কী করতে হবে।’

মন্তব্য করুন